Logo
শিরোনাম

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল চালু হবে ফেব্রুয়ারিতে

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মাটি ভরাট, সীমানা-প্রাচীর নির্মাণ, বাস ঢোকা ও বের হওয়া এবং শ্রমিকদের থাকার ছাউনির ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ২৮ কোটি টাকা ব্যয় হবে। আগামী ছয় মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারি নাগাদ ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের কার্যক্রম শুরু করতে পারব।

বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস প্রান্তের (টার্মিনাল) নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস জানান, কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালসহ অন্যান্য টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে সায়েদাবাদ বাস টার্মিনালটি শুধু শহরের অভ্যন্তরে চলাচল করা নগর পরিবহনের বাসগুলোর টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে।

তিনি বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে সাড়ে ১২ একরের ঊর্ধ্বে জমি দেওয়া হয়েছে। এখানে টার্মিনাল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার আন্তঃজেলা বাসসেবা এখান থেকেই পরিচালনা করা হবে।

টার্মিনাল নির্মাণের প্রাথমিক কার্যক্রম নিজস্ব অর্থায়নেই বাস্তবায়িত হবে উল্লেখ করে শেখ তাপস বলেন, এটা পরিচালনার পূর্ণ দায়িত্বও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পালন করবে। নির্মাণ শেষ হওয়ার পর বাসগুলো এখান থেকেই সেবা দেওয়া শুরু করবে। আমাদের বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরিকল্পনা, তার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনাকে আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসব।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে ১৬ জেলার ১১ হাজার বাস আসা-যাওয়া করে। এই বাসগুলো যদি ঢাকা শহরের ভেতরে না ঢুকে, তাহলে আমাদের ৩০ শতাংশ যানজট কমে যাবে। এটা আমাদের জন্য এক বিরাট মাইলফলক হবে।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩