
চাঁদপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা মেঘনার বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করে নৌ পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়াও অভিযানে ৯৩ কেজি ইলিশ মাছ ও প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

