Logo
শিরোনাম

‘যৌক্তিক কারণ’ দেখালে মোটরসাইকেল চলাচলে বাধা দেবে না পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অন্য কোনো মাধ্যমে ঈদুল আজহায় বাড়িতে যাওয়ার সুযোগ না থাকলে বা যৌক্তিক কারণ থাকলে ঈদযাত্রায় মোটরসাইকেল চালকদের বাধা দেবে না পুলিশ। এ ক্ষেত্রে নির্দিষ্ট মোটরসাইকেল চালককে তার গন্তব্যে যাওয়ার জন্য একটি মুভমেন্ট পাস দেবে পুলিশ। এ পাস দেখিয়ে ওই মোটরসাইকেল চালক নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবেন।

যৌক্তিক কারণ দেখালে মোটরসাইকেল চালকদের বাধা না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ জুলাই) রাতে এমন নির্দেশের কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার একজন কর্মকর্তা।

এর আগে, গত রোববার সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। বন্ধ থাকবে মহাসড়কে রাইড শেয়ারিং। ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এটি বলবৎ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, সরকারিভাবে নির্দেশনা জারি হয়েছে। ঈদের আগে ও পরে মোট সাত দিন জেলা থেকে জেলায় মোটরসাইকেল চলবে না। আমরা এটি খুবই শক্তভাবে প্রতিপালন করব। রাজধানী থেকে সাভার-আমিনবাজারসহ ঢাকা জেলার আওতাধীন এলাকা বাদে অন্য কোনো জেলার মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে না।


আরও খবর