
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে দেশে ফিরে আসবেন সাকিব আল হাসান। আজ সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। পরিবারের এ সংকটময় সময়ে তাদের পাশে থাকতে দেশে ফিরছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, 'সাকিবের মা, তার শাশুড়ি, তার তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে আছে। খুব সম্ভবত তাদের নিউমোনিয়া হয়েছে। ডেফিনিটলি একটা বড় ক্রাইসিস যাচ্ছে তার ফ্যামিলির ওপর দিয়ে। এদিকে সাকিবের খেলাও চলছে। এখন সে বুঝে উঠতে পারছে না কী করবে। ২৩ মার্চ আরেকটা ওয়ানডে ম্যাচ আছে। ও সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে।' তবে পরিস্থিতি বিবেচনা করে তার আগেও সাকিব দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন জালাল ইউনুস।
সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেজ মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছে ঠাণ্ডাজনিত জ্বরে। তাদেরও এভারকেয়ারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সাকিবের শাশুড়ি বেশ কিছুদিন ধরে ভুগছেন ক্যান্সারে। তিনি চিকিৎসাধীন আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে।

