
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি।
এখানে কারো দুর্নীতির অভিপ্রায় থাকতে পারে। তবে এর সঙ্গে আমার কিংবা আমার পরিবারের
কেউ জড়িত নয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সরকারি
বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের
জমি অধিগ্রহণের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মন্ত্রী বলেন, চাঁদপুরে যখনই কোনো উন্নয়নকাজে
হাত দেওয়া হয় একটি মহল এর প্রবল বিরোধিতা করে থাকে। তবে কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্ত
এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বাধা হবে না। উন্নয়নকাজ ও একাডেমিক কার্যক্রম এগিয়ে যাবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দুর্নীতি তদন্ত
ও অনুসন্ধানে সরকারের বেশ কয়েকটি সংস্থা রয়েছে। আমি আশা করবো ওইসব সংস্থা তদন্ত করে
প্রকৃত তথ্য বের করবে। দুর্নীতি হয়ে থাকলে যারা জড়িত বলে প্রমাণ পাওয়া যাবে, তাদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

