Logo
শিরোনাম

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

প্রকাশিত:শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগে ব্যাটিং করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করেছিল। জবাবে খেলতে নেমে বাংলাদেশ দল ৭০ বল বাকি থাকতেই অলআউট ১৪০ রানে! ফলে ১০৩ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। একই দিনে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কার যুবদলও। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল খেলবে ভারতীয়রা।

২৪৪ রানের বড় লক্ষ্যে শুরুটা দেখে শুনেই করেছিল বাংলাদেশ।  দুই ওপেনার তাজিবুল ইসলাম ও মাহফিজুল ইসলাম মিলে ৩১ রানের জুটি গড়েছিলেন। তাজিবুল ফেরার পরই ঘটে ছন্দপতন। একে একে প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, ফাহিম, মেহরাব- কেউই দলের বিপর্যয় রুখে দাঁড়াতে পারেননি। একপ্রান্তে দাঁড়িয়ে একাই লড়ে গেছেন আরিফুল ইসলাম।

নবম উইকেটে রাকিবুল-আরিফুল মিলে ৩৩ রানের জুটি গড়লে বাংলাদেশের স্কোর কোনও রকমে ১৪০ র ঘরে পৌঁছেছে। শেষ ব্যাটার হিসেবে আরিফুল ৪২ রানে আউট হলে বাংলাদেশ ৭০ বল বাকি থাকতেই থেমে যায়। ৭৭ বলে ১ চারে আরিফুল ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছেন। এছাড়া ওপেনিংয়ে নামা মাহফিজুলের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। অধিনায়ক রাকিবুল ১৬, আশিকুজ্জামান ১৫ রানের ইনিংস খেলেছেন।

ভারতের বোলারদের মধ্যে রাজবর্ধন হাঙ্গারগেকর, রবি কুমার, রাজ বাওয়া ও ভিকি অস্তওয়াল দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া ভারতকে শুরুতেই চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। ভারতের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে ত্রাতা ছিলেন তিন নম্বরে নামা শাইক রাশেদ। শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করলেও শেষ দিকে গিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ১০৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৯১ রানে অপরাজিত থাকেন এই ভারতীয় ব্যাটার।

এছাড়া অধিনায়ক যশদুল ২৯ বলে ২৬, রাজ বাওয়া ৪০ বলে ২৩ রান করেছেন। ভারতের স্কোর মূলত আড়াইশোর কাছাকাছি গেছে লেট অর্ডারের দুই ব্যাটারের কারণে। নয় নম্বরে নেমে রাজবর্ধন হাঙ্গারগেকর ৮ বলে ১ চার ও ২ ছক্কায় ১৬ রান করেছেন। এরপর দশ নম্বরে নেমে ভিকি অস্তওয়াল ১৮ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেললে ভারতের স্কোর পৌঁছে যায় ২৪৩ রানে।

বাংলাদেশের বোলাদের মধ্যে সবচেয়ে সফল বোলার রাকিবুল হাসান। এই অফস্পিনার ৪১ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া তানজিম রাকিব, নাঈমুর, আরিফুল, মেহরাব একটি করে উইকেট নিয়েছেন।


আরও খবর