Logo
শিরোনাম

ভারতীয় সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৪ অক্টোবর ২০২৩ | ৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতীয় কোম্পানির তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আজ বৃহস্পতিবার সিএনএন ও ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেসব শিশু মারা গেছে তারা নয়ডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়। ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে বিষাক্ত ইথিলিন গ্লাইকল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মারা যাওয়া শিশুরা এই সিরাপ বাড়িতে ২-৭ দিন ধরে দিনে ৩-৪ বার করে খেয়েছিল। উজেবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিক্যাল আমদানি করেছে।

এদিকে এই ঘটনায় বার্তা সংস্থা রয়টার্স মেরিয়ন বায়োটেক, কুরাম্যাক্স মেডিক্যাল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে সাড়া দেয়নি সংশ্লিষ্টরা। তবে ভারত সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


আরও খবর