
বর্তমানে বাংলাদেশ
চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ
হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বিশ্বে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে গত ১০ বছরে বাংলাদেশের
অবস্থান শীর্ষে। এখন কেউ আমাদের মিসকিন বলতে পারবে না।
আজ মঙ্গলবার দুপুরে
সোনালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব
কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন,
জাতির পিতা এ দেশ ও মানুষের কল্যাণে সারাজীবন ব্যয় করেছেন। জাতির পিতার নামে শুধু
একটি ম্যুরাল এবং কর্নার উদ্বোধন করে তার অবদানকে এড়িয়ে যাওয়া যাবে না। মার্চ মাস
অনেক গুরুত্বপূর্ণ। এ মাসে বাঙালির অনেক অর্জন রয়েছে। এ মাসেই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ
উদযাপন হচ্ছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং উন্নয়নশীল দেশের কাতারে এ মাসে পদার্পণ
করেছে বাংলাদেশ।
সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী প্রমুখ।

