Logo
শিরোনাম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রকাশিত:শনিবার ২৬ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত সেনাপ্রধান।

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। শ্রদ্ধা নিবেদনের সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মহান মুক্তিযুদ্ধে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর মোহাম্মদ জেনারেল শাহিনুল হক। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সেনাপ্রধান। এ সময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এর আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে পারা সেনাপ্রধান হিসেবে আমার জন্য সৌভাগ্য।

দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে গত বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি পূর্বতন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।


আরও খবর