
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরী বলেছেন, তরুণরাই আগামী দিনের নেতা। মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ কাজে লাগিয়েই
তারা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত হবে।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু
আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’-এর পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়
অনুষ্ঠানটির আয়োজন করে পিয়ারসন এডেক্সেল।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এ দেশে কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নারী শিক্ষার প্রসারে তিনি অভিভাবকদের স্মার্টফোনের মাধ্যমে আর্থিক সহযোগিতা দিচ্ছেন।’
তিনি বলেন, ‘বিশ্ব চতুর্থ
শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। এ দেশের মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করে
যোগ্যতা ও দক্ষতার সঙ্গে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছে
দেবে বলে আশা করি।’
এ সময় স্পিকার পিয়ারসন কোয়ালিফিকেশনে অনবদ্য
ফল অর্জনের জন্য মনোনীতদের পুরস্কার দেন। সাড়া বিশ্বে মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেওয়ার
জন্য তিনি ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসনকে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
দেন– বাংলাদেশে নিযুক্ত
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এক্সামস ডিরেক্টর
হ্যারিয়েট গার্ডনার, পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের ভাইস প্রেসিডেন্ট এমা হোয়েল এবং
ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ।
নাইনথ অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড সেরেমনির
এই অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরস্কার
দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইংরেজি মিডিয়াম স্কুলের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী,
শিক্ষক, অধ্যক্ষ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

