Logo
শিরোনাম

ট্রেনের টি‌কিট কা‌লোবাজা‌রি: রেজাউলসহ ২ জন রিমান্ডে

প্রকাশিত:রবিবার ০১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ট্রেনের অনলাইন টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ দুই জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি হলেন রেজাউল করিমের সহযোগী এমরানুল আলম সম্রাট।

শুক্রবার (৩০ এপ্রিল) তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক শাহ আলম তাদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশ্রাফ দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম আসামিদের আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে গত বুধবার রেজাউল করিমকে (৩৮) আটক করে র‌্যাব-১। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতে বিমানবন্দর স্টেশন থেকে সহযোগী এমরানুল আলম সম্রাটকেও (২৮) আটক করা হয়। এ সময় তাদের স্মার্টফোন থেকে বিপুল পরিমাণ ট্রেনের ই-টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

সম্প্রতি সহজ ডটকমে দায়িত্ব পাওয়া রেজাউল এর আগে সিএনএস বিডিতেও কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, দীর্ঘ ছয় বছর ধরে রেলওয়ে টিকেটিংয়ের সঙ্গে জড়িত রেজাউল করিম। আর এ সুবাদে প্রতি ঈদে ২-৩ হাজার ট্রেনের টিকিট সরিয়ে নিতেন, যা কালোবাজারে বিক্রির মাধ্যমে প্রতি মৌসুমে আয় করতেন ১০-১২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কর্মকর্তা বলেন, রেজাউল গত ছয় বছর ধরে ট্রেনের টিকেটিংয়ের সঙ্গে জড়িত। সহজ ডটকমের আগে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বরত প্রতিষ্ঠান সিএনএস বিডিতেও কর্মরত ছিলেন তিনি। অভিজ্ঞকর্মী হিসেবে সহজ ডটকম তাকে নিয়োগ দেয়।

পরিচিতজনদের কাছ থেকে ৫০০ টাকা লাভে টিকিট বিক্রি করতেন রেজাউল। এছাড়া অন্যদের কাছে নির্ধারিত দামের চেয়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা বেশি দামে টিকিট বিক্রি করতেন। তার দাবি, রেলওয়ের বিভিন্ন ভিআইপির টিকিটের আবদার মেটানোর সুযোগে নির্বিঘ্নে তিনি এ কাজ করে আসছিলেন।


আরও খবর