
দেশের বিভিন্ন
স্থানে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে; সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে
ভারী বর্ষণও হতে পারে; এছাড়া আগামী তিন দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে
বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য
জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা
হয়, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা
ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে
মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিন দিনের
আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস
জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ৩৬ মিলিমিটার
এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও
বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব
দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং
উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

