
আবহাওয়া অফিস
জানিয়েছে, আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ
ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ৬ থেকে ৭ জুলাই বৃষ্টিপাতের প্রবণতা
সামান্য বাড়তে পারে। এটা বর্ষা মৌসুমের বৃষ্টি। এতে জনজীবনে তেমন প্রভাব পড়বে না। থেমে
থেমে বৃষ্টি হবে। এখনকার চেয়ে একটু বেশি বৃষ্টি হবে।
আজ সকাল থেকে
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট
ও বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজ সন্ধ্যা পর্যন্ত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ, খুলনা,
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর
দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে
দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে
এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৬টা পর্যন্ত
গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় সর্বাধিক ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মোংলায় ১৮, সিলেটে
১৬, যশোরে ১৫, চাঁদপুর ও সাতক্ষীরায় ১৪ এবং গোপালগঞ্জ ও পটুয়াখালীতে ১২ মিলিমিটার বৃষ্টি
হয়। এ সময় ঢাকায় মাত্র ৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়া সারা দেশে
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ নেত্রকোনা ও রাঙ্গামাটি সর্বনিম্ন
২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা
ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও
বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয়
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি
অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি
সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকাল
থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস
প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

