
বলিউডের বর্ষীয়ান
অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ বলেছেন, এক শ্রেণির ভারতীয় মুসলমান আফগানিস্তানে তালেবান
ক্ষমতায় আসায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন। এই কাজ নিন্দনীয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে
একটি ভিডিও শেয়ার করে তিনি এসব কথা বলেছেন।
ওই ভিডিওতে উর্দু
ভাষায় নাসিরুদ্দিন শাহ বলেন, আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তনে সারা পৃথিবী উদ্বিগ্ন।
তাদের ক্ষমতা দখল এবং ভারতীয় মুসলমানদের একটি অংশের তার জন্য উৎসব পালন করা, কোনোটাই
কম বিপজ্জনক নয়।
বলিউডের এই অভিনেতা
আরও বলেন, যারা তালেবানের পুনরুত্থানে আনন্দিত, তারা নিজেদের প্রশ্ন করুন, তারা কি
তাদের ধর্মের সংস্কার চান, আধুনিকতাকে বরণ করতে চান, নাকি প্রাচীন বর্বরতার মধ্যে বাস
করতে চান, যেখানে ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে আপস করে চলতে হবে।
নাসিরুদ্দিন বলেন,
হিন্দুস্তানি ইসলাম আর যে ইসলাম ভারতের বাইরে সারা পৃথিবীতে পালিত হয়, তার মধ্যে অনেকটাই
তফাৎ আছে। আমি আমার ধর্ম নিয়ে খুশি। রাজনৈতিক ধর্ম আমার চাই না। আল্লাহ্ যেন এমন কোনো
সময়ে আমাদের নিয়ে না ফেলেন, যেখানে আমরা ইসলামের স্বরূপ পর্যন্ত চিনতে পারব না।

