
চিত্রনায়িকা তমা মির্জা এবার তার স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন। গত ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় তার বিরুদ্ধে যৌতুক ও হত্যাচেষ্টার মামলা করেন তিনি। রাজধানীর পূর্ব কাফরুলে তার স্বামীর বাসার স্থায়ী ঠিকানা (১৮০/এ) উল্লেখ করে মামলাটিতে স্বামী হিশাম চিশতিকে একমাত্র আসামি করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার এজাহারে, যৌতুকের জন্য মারপিট করে জখম, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বেআইনি প্রবেশ, ছদ্মবেশ ধারণ করে ব্যক্তি ক্ষতিসাধনসহ ফেসবুক ও ম্যাসেঞ্জারে সম্মান হানিকর মন্তব্য পুশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, বিরক্ত, অপমান, মারপিট ও হুমকি প্রদানের কথা উল্লেখ করা হয়।
মামলা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা বলেন, নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে এতোদিন চুপ ছিলাম। কিন্তু এখন দেখছি তা সহ্যের সীমানা ছাড়িয়ে গেছে। একজন মেয়ে হিসেবে অনেক কিছু সহ্য করেছি।
বিয়ের কয়েকদিন না পেরুতেই আমার সঙ্গে নানা অন্যায় শুরু করে হিশাম। বারবার অর্থের দাবি করাসহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। শুধু সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। তবে দিনের পর দিন এভাবে অত্যাচারে আমি অতিষ্ঠ। আমার ধৈর্যের বাঁধ পেরিয়ে গেছে। বাধ্য হয়েই এই মামলার সিদ্ধান্ত নিয়েছি।

