
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সঙ্গে বড় হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। মন্ত্রী আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের
জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শেকড়ের কথা মনে
রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা
আমাদের জন্য গর্বের।’
শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ভালো দিক গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক
বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক
আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।’
চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ইসমত
এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক
মো. শহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শামসুল আলম শাহ চৌধুরী
এবং চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু এরফান আলী।
এর আগে খাদ্যমন্ত্রী দুই কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট চৌধুরী
চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

