
সুশান্ত সিং রাজপুতের
মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পরিবার। এর মাঝেই পরিবারের উপর শোকের পাহাড়
ভেঙে পড়ল। মঙ্গলবার সকালে বিহারের লাখিসারাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্তের
পাঁচ আত্মীয়। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় দুলাভাই। এছাড়াও সুশান্তের
দুই ভাগ্নের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
হলসি থানা এলাকায়
একটি ট্রাক এবং একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। মাইক্রোবাসে
ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ছয়টায় ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা, পরিবারের
পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরও ৪ জন।
দুর্ঘটনায় প্রাণ
হারানো ছয় জনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে আহতদের পাটনা
হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, মৃতদের
সকলেই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন, সেখান থেকে অনুষ্ঠানে
জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।
মৃতের তালিকায়
লালজিত সিং, ভাগিনা নেমানি সিং, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবী-র নাম রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের
দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে উঠতে
পারার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা।

