Logo
শিরোনাম

সরকার গরিব মানুষের জন্য কাজ করছে: অর্থমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গরিব মানুষের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকার সবার জন্যই। কিন্তু গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা ও তাদের ভালো রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে। দুঃসময় কেটে যাবে বলেও জানান অর্থমন্ত্রী।

বুধবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী বসবেন। এটা নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়লো, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলবো না। যারা এটার সঙ্গে সম্পৃক্ত প্রধানমন্ত্রী তাদের সবাইকে নিয়েই বসবেন।

অর্থমন্ত্রী বলেন, তেলের দাম বাড়লে সবকিছুর দামই বাড়ে, এটা তো স্বাভাবিক। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। মূল্যবৃদ্ধির প্রভাব অবশ্যই মূল্যায়ন করা হবে।  বারবার বলে আসছি বিশ্ববাজারে দাম বাড়লে এখানেও বাড়বে। সেখানে কমলে এখানেও কমবে।

ডলারের দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীতে এমন কোনও দেশ পাওয়া যাবে না, যেখানে ডলারের দাম বাড়েনি। ডলারের দাম সব জায়গায় বেড়েছে। সবাই এটা নিয়ে ভুগছেন। যারা যুদ্ধ করছেন, তারাও ভুগছেন। যারা যুদ্ধ বাড়াচ্ছেন, তারাও এর বাইরে নয়।

বাংলাদেশ ব্যাংকের ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এখানে যেভাবে সাহায্য করা দরকার, তা যদি না করা হয়, তাহলে তো সমস্যা। আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কত রাখবেন, ক্যাশ টাকা কত রাখবেন, সেটির বিষয় আছে। এর বাইরে যদি রাখেন, তাহলে মনে হবে অন্য কিছু করছেন। বিষয়টি সঠিকভাবে জানি না বলেও জানান তিনি।


আরও খবর