
মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামে বাংলাদেশ দল। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন তপু বর্মন।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ দল। লঙ্কান দুর্গে একের পর এক আক্রমণ চালাতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু লঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে বারবার পরাস্ত হয় বাংলাদেশ।
রক্ষণ ভাগের পাশাপাশি মাঝমাঠেও লড়াই দেখিয়েছে বাংলাদেশ। কিন্তু ফিনিশিংটা সেভাবে জমাতে পারেনি জামাল ভুঁইয়ার দল। যার ফলে গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দুইদল।
তবে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ দল। ডি-বক্সে লঙ্কান খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে দলকে গোল উপহার দেন তপু।
এছাড়াও ম্যাচে দারুণ এক সুযোগ পেয়েছিলেন তপু। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ এক হেড নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্দান্তভাবে সেই হেড রুখে দেন লঙ্কান গোলরক্ষক। তবে পেনাল্টি থেকে তপুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন তপু।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, জুয়েল রানা (সাদউদ্দিন), মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও সুমন রেজা।

