Logo
শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা যাবে না : হাইকোর্ট

প্রকাশিত:মঙ্গলবার ১১ মে ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও স্থাপনা নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা চেয়ে করা আদালত অবমাননার আবেদনটি শুনানির জন্য ২০ মে দিন ধার্য রেখেছেন হাইকোর্ট। এই সময়ে যাতে গাছ কাটা না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ তারিখে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এ সময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এর আগে গত রোববার আদালত অবমাননার অভিযোগে এনে দুই আইনজীবীর পক্ষে মনজিল মোরসেদ আবেদনটি করেন। যা আজ শুনানি অনুষ্ঠিত  হয়।

গত রবিবার উচ্চ আদালতের নির্দেশনা না মেনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার অভিযোগ তুলে এক সচিবসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।

যাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে, তাঁরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমান।


আরও খবর