
জাতীয় বিশ্ববিদ্যালয়ের
২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ
ঘোষণা করা হয়েছে। ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন নেওয়া হবে। বুধবার
(২৭ এপ্রিল) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দেওয়ার
এবং ১২ জুনের মধ্যে এ সকল আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চিত করতে হবে। এ শিক্ষাবর্ষে
ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ জুলাই থেকে শুরু হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি
কার্যক্রমের অনলাইন আবেদন নেওয়ার তারিখ পরে জানানো হবে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।

