
চট্টগ্রাম, কক্সবাজার,
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
পূর্বাভাসে বলা
হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার
সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূপীয় এলাকায় ঝড়ো
হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর
ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ
নিষেধ করা হয়েছে।
পূর্বাভাসে আরও
বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর
অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত
বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের
অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

