Logo
শিরোনাম

সিলেট-শারজাহ বিমানের সরাসরি ফ্লাইট শুরু আজ

প্রকাশিত:মঙ্গলবার ০১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৩ আগস্ট ২০২৩ | ৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেট থেকে এবার বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৬৪ জন।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১ নভেম্বর রাত সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানের একটি ফ্লাইট (বিজি-২৫১)। গত ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।

জানা গেছে, শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে আগামীকাল বুধবার (২ নভেম্বর) সেখানকার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

এ বিষয়ে ব্যবস্থাপক মনসুর আহমেদ ভূঁইয়া বলেন, শারজাহ ফ্লাইট চালুর ফলে সিলেটের যাত্রীদের আর ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হবে না। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে। এরপর মদিনায় সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর চিন্তাভাবনা তাদের রয়েছে।

নিউজ ট্যাগ: ফ্লাইট চালু

আরও খবর