
রাজধানীর মহাখালীতে
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এনা পরিবহনের শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনায়
বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার পর এনা পরিবহনের একটি বাস সড়কে আড়াআড়িভাবে
রেখে ও সড়কে বসে দুই পাশের সড়ক বন্ধ করে দেয় বাস টার্মিনালের শ্রমিকেরা।
প্রায় ৩৫ মিনিটের
বেশি সময় মহাখালী দুই পাশের সড়কে অবরোধের কারণে তীব্র যানজট ও সড়ক বন্ধ থাকার পর পুলিশ
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বুধবার রাতে সড়ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক
গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) আশাফাক আহমেদ।
তিনি বলেন, মহাখালীর
আমতলীতে এনা পরিবহনের একটি বাসে তিতুমীর কলেজের ৩-৪ জন শিক্ষার্থী ছিল। শিক্ষার্থীদের
সঙ্গে বাসের সুপারভাইজার-চালকদের মধ্যে হট্টগোল হয়। এরপর শিক্ষার্থীরা বাসটিতে ভাঙচুর
চালায়। ঘটনাস্থলে প্রায় ৫০-৬০ জন জড়ো হয়ে যাওয়ায় বাসটি দ্রুত মহাখালী আইসিডিডিআরবির
সামনে চলে যায়। ধাওয়া দিয়ে আইসিডিডিআরবির সামনে থেকে শিক্ষার্থীরা বাসটি আটক করে।
সহকারী পুলিশ
কমিশনার আশফাক আহমেদ বলেন, এ ঘটনা জানতে পেরে মহাখালী বাস টার্মিনাল থেকে সব শ্রমিক
আইসিডিডিআরবির সামনে চলে আসে। শ্রমিকদের দেখে শিক্ষার্থীরা সবাই ঘটনাস্থল ছেড়ে চলে
যায়। এ সময় শ্রমিকেরা এনা পরিবহনের বাসটি আড়াআড়ি করে দিয়ে সড়কের দুই পাশে বসে অবরোধ
করে রাখে। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পাশের সড়ক বন্ধ থাকায় মহাখালীতে তীব্র যানজটের সৃষ্টি
হয়।

