
ভারতের আসামে বেজিপি সরকার ঘোষিত বেআইনি বসবাস দাবি করে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে ২ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং বিবিসি বাংলা জানায়, বৃহস্পতিবার( ২৩ সেপ্টেম্বর) আসামের দরং জেলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
জেলার পুলিশ কর্মকর্তা সুশান্ত বিশ্ব শর্মা বলেন, সহিংসতায় ৯ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছে যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসি বাংলা জানায়, একটি মন্দির নির্মাণের জন্য হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পর বৃহস্পতিবার সেই আশ্রয়চ্যুতদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে।
আসামের দরং জেলার ধলপুর হিলস ও সিপাহঝাড় এলাকায় প্রায় ৭৭ হাজার বিঘা জমি দখল করে বিশাল একটি শিবমন্দির কমপ্লেক্স বানানোর লক্ষ্যে রাজ্য সরকার সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বেশ কয়েক মাস ধরেই।
এরমধ্যেই সোমবার( ২০ সেপ্টেম্বর) প্রায় ৮০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার( ২৩ সেপ্টেম্বর) উচ্ছেদ ঠেকাতে গঠিত কমিটির ডাকে বিক্ষোভ করতে গেলে পুলিশের সংগে সংঘর্ষ বাধে।
বিবিসি বাংলা জানায়, এই উচ্ছেদ হওয়া মানুষরা প্রায় সবাই বাঙালি মুসলিম যারা বহু দশক ধরে ধলপুরের চরাঞ্চলেই বসবাস করছেন।
এদিকে রাজ্য বিজেপি সরকারের দাবি, এই মানুষগুলো এখানে অবৈধভাবে বসবাস করছিল। পূর্ব বাংলার বংশোদ্ভূত মুসলিমরা ওই গ্রামে বাস করে।

