Logo
শিরোনাম

শেষ চার মাসে দর্শক মাতাবে যেসব সিনেমা

প্রকাশিত:সোমবার ০৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা মহামারীর জন্য গত দুই বছরে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা ছিল নাজুক। গত বছর সীমিত আকারে কিছু সিনেমা মুক্তি পেলেও চলতি বছরে প্রাণ ফিরে পেয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলো। দর্শক এখন রীতিমতো লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে বাংলা সিনেমা দেখছে। এমনকি অগ্রিম টিকিট বিক্রি করতে হয়েছে সিনেমা হলগুলোকে। বিশেষ করে পরাণহাওয়া সিনেমার বদৌলতেই যেন চাঙ্গা হয়ে উঠেছে ঢাকাই সিনেমা। সব শ্রেণীর দর্শক হলে ফিরেছেন বাংলা সিনেমা দেখতে। প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত  মুক্তি পেয়েছে ২৪টি সিনেমা। যার মধ্যে ব্যবসা করে নিয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, গলুই, বিদ্রোহী, মুখোশ, শিমু, গুণিন ও পাপ-পুণ্য, শান, ও দিন-দ্য ডে। অন্যদিকে ব্লকবাস্টার হিট করেছে পরাণ ও হাওয়া। এমনকি দেশের বাইরেও এ সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপক।

এ বছর শেষ হতে আরো চার মাস বাকি। এ সময়ের মাঝে মুক্তির অপেক্ষায় আছে একাধিক সিনেমা। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত লাইভ এবং আবুল কালাম আজাদ পরিচালিত ও মাই লাভ। শাপলা মিডিয়ার ব্যানারে আসছে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা লাইভ। এ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। সায়মন সাদিক, মাহিয়া মাহি, আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলমকে দেখা যাবে লাইভে। অন্যদিকে একই দিনে মুক্তি পেতে যাওয়া ও মাই লাভ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের দুই শিল্পী ঋদ্ধিশ ও সাবর্নীকে। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের আলী রাজ, অমিত হাসান, অরুণা বিশ্বাস, অমৃতা, বিপাশা কবির, বড়দা মিঠু।

১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত বীরত্ব। এ সিনেমায় বড় পর্দায় প্রথমবার দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর ২০১৮ সালের প্রথম রানার্সআপ নিশাত নাওয়ার সালওয়াকে। বীরত্বে এ নবগতা নায়িকার বিপরীতে অভিনয় করেছেন মামনুন ইমন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, কচি খন্দকার, মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু প্রমুখ। ২৩ সেপ্টেম্বর একই দিনে প্রেক্ষাগৃহ মাতাতে আসছে দুটি আলোচিত সিনেমা। মাহমুদ দিদারের বিউটি সার্কাস আর দীপঙ্কর দীপন পরিচালিত অপারেশন সুন্দরবন। বাংলাদেশের সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা বিউটি সার্কাস। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিও অভিনয় করেছেন এ সিনেমায়।

অন্যদিকে অপারেশন সুন্দরবন সিনেমার গল্প সুন্দরবন জলদস্যুমুক্ত করার জন্য র্যাবের দীর্ঘদিনের অভিযান নিয়ে। এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিকসহ আরো অনেকে।

৩০ সেপ্টেম্বরে আসছে ডায়েল রহমানের ঈশা খাঁ। বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন ঈশা খাঁ। তত্কালীন সময়ে মোগল সম্রাট আকবরকে খাজনা দিতে অস্বীকৃতি জানান তিনি। আর এ নিয়ে বাঁধে সংঘর্ষ। ঐতিহাসিক এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ঈশা খাঁ সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ডিএ তায়েব।

অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মিশন এক্সট্রিম সিনেমার দ্বিতীয় পর্ব ব্ল্যাক ওয়ার। তবে এখনো চূড়ান্ত হয়নি এ সিনেমা মুক্তির দিনক্ষণ। সম্প্রতি ফার্স্টলুক পোস্টারের পর এবার আরিফিন শুভ সিনেমাটি অক্টোবরে আসছে বলে জানিয়েছেন। এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজানসহ একঝাঁক তারকা আছেন এ সিনেমায়।

রায়হান রাফীর পরিচালনায় দামাল মুক্তি পেতে যাচ্ছে ২৮ অক্টোবর। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিমসহ অনেকে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত লিডার: আমিই বাংলাদেশঅন্তরাত্মা সিনেমা দুটি এ বছরেই মুক্তি পেতে পারে। কোরবানির ঈদে অন্তরাত্মা মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে বদল আসে। অন্যদিকে লিডার: আমিই বাংলাদেশ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সমন্বয়ক সুজন আহমেদ জানান, এখনো এ সিনেমার দুটি গানের দৃশ্যায়ন বাকি আছে। আমরা সেপ্টেম্বরেই কাজগুলো করার পরিকল্পনায় আছি। তারপর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেব।  চলতি বছরের শেষে মুক্তির সম্ভাবনা আছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের নূর। আরো মুক্তি পেতে পারে আলোক হাসানের পরিচালনায় নাকফুল। কাজী হায়াৎ পরিচালিত জয় বাংলা সিনেমাটি আগামী ১৬ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এতে জুটি হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতুকে। সব মিলিয়ে এ বছরে বাকি মাসগুলোয়ও দর্শক টানবে সিনেমাগুলো। মুক্তির অপেক্ষায় সিনেমাগুলো নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে।

নিউজ ট্যাগ: সিনেমা

আরও খবর