
জমে উঠেছে কাতার
বিশ্বকাপের নক আউট পর্ব। ইতিমধ্যে বিশ্বকাপের ফেবারিট দলগুলো কোয়ার্টার ফাইনালের টিকিট
নিশ্চিত করে ফেলেছে। শেষ আটে যাওয়ার লক্ষ্যে আজ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের
মোকাবিলা করবে উজ্জীবিত দক্ষিণ কোরিয়া। এশিয়ার এ দলটি একটি অঘটনের জন্ম দিয়ে সন হেয়াং-মিনের
নেতৃত্বাধীন এশিয়ান পরাশক্তিরা এবার ব্রাজিল বাধা পেরুতে চায়। অন্য দিকে গোল ব্যবধানে
সুইজারল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ-জি’র চ্যাম্পিয়ন
হিসেবেই আজ মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা।
গ্রুপ পর্বের
শেষ ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের বিরুদ্ধে হারের মুখ দেখে ব্রাজিল। তবে ঐ ম্যাচটি
অতোটা গুরুত্বপূর্ণ না থাকায় অতোটা প্রেসার নিচ্ছে না দল। এছাড়া ঐ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের
নামিয়েছিলেন কোচ তিতে। ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস ইপাসির দুর্দান্ত ফরমের কাছে টিকতে
পারেনি তিতের দ্বিতীয় দলটি। ৯২ মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে আফ্রিকার অদম্য সিংহদের
ঐতিহাসিক জয় নিশ্চিত হয়।
বিশ্বকাপে কোনো
আফ্রিকার দলের কাছে এটাই ছিল ব্রাজিলের প্রথম পরাজয়। এই গোলের পরপরই জার্সি খুলে উদযাপন
করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ত্যাগ করতে হয়েছে আবুবকরকে। কিন্তু ততক্ষণে
নিজের দায়িত্বটুকু পালন করে দলকে জয় উপহার দেওয়া আবুবকর হাসিমুখেই মাঠ থেকে বেরিয়ে
যান। যদিও এই জয়ে গ্রুপ পজিশনের কোনো হেরফের হয়নি। শীর্ষ দল হিসেবেই ব্রাজিল পরের রাউন্ডে
উঠেছে।
অন্যদিকে টানা
৯ ম্যাচে জয়ের ধারা থেকে ছিটকে পড়া ব্রাজিলকে এখন উজ্জীবিত দক্ষিণ কোরিয়াকে নিয়ে নতুন
করে ভাবতেই হচ্ছে। জায়ান্ট কিলার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবার আগে গ্রুপ পর্বে এশিয়ান
পরাশক্তির ম্যাচগুলোর খোঁজখবরও নিচ্ছেন তিতে। সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল
প্রথম দুই ম্যাচে জয়ী হলেও প্রত্যাশানুযায়ী দলের আক্রমণভাগ পারফরম করেনি।
ভয়টা এখানেই,
কারণ কাউন্টার অ্যাটাক থেকে দক্ষিণ কোরিয়া যেভাবে ইতিমধ্যেই নিজেদের গতিময় ফুটবলের
প্রমাণ দিয়েছে তাতে তাদেরকে আটকাতে তিতেকে নতুন ছক কষতে হচ্ছে। এ নিয়ে বিশ্বকাপে টানা
পাঁচ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল পায়নি ব্রাজিল। নিজেদের ফেবারিট তকমাকে শক্তিশালী
করতে হলে এই ধারা থেকে অবশ্যই সেলেসাওদের বেরিয়ে আসতে হবে।
এ ম্যাচে দক্ষিণ
কোরিয়ার সামনে ঐতিহাসিক অল-এশিয়ান কোয়ার্টার ফাইনালে খেলার হাতছানি। ব্রাজিলের বিপক্ষে
দক্ষিণ কোরিয়া মাঠে নামার আগে দিনের শুরুতে আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে
জাপান।
এর আগে একবারই
শেষ ষোলোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এশিয়ান টাইগার্সরা। ২০০২ সালে ঘরের মাঠের বিশ্বকাপে
সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি
ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি।
সম্ভাব্য দল
ব্রাজিল (ফরমেশন
৪-৩-৩)
অ্যালিসন, মিলিতাও,
মার্কুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, কাসিমিরো, নেইমার, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিউস।
দক্ষিণ কোরিয়া
(ফরমেশন ৪-২-৩-১)
সিয়ুংগু, মুনুহন, মিনুইয়ায়ে, ইয়ংগোন, জিনুসু, ইনুবিওম, উইয়ং, হিচান, কাংইন, হিউংমিন, গুসাং।

