Logo
শিরোনাম

সেপ্টেম্বরে সিনেমা মুক্তির হিড়িক

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এক মাসে মুক্তির অপেক্ষায় নয়টি সিনেমা! খবরটি নিঃসন্দেহে আনন্দের, একই সঙ্গে বিস্ময়েরও। যেখানে মুক্তির জন্য প্রতি সপ্তাহে নতুন সিনেমা খুঁজে পাওয়া দুষ্কর হয়, সেখানে এক মাসে এত সিনেমার মুক্তির ঘোষণা আশা ফিরিয়েছে ঢাকাই সিনেমায়। মাস কয়েক আগেও বাংলা সিনেমার পরিস্থিতি নিয়ে একপ্রকার হতাশ ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে দৃশ্যে বদল আসতে শুরু করে গত ঈদ থেকে। ঈদের সিনেমা পরাণ দিয়ে হলে ফিরতে শুরু করেন দর্শক। এরপর ২৯ জুলাই মুক্তি পাওয়া হাওয়ার হাত ধরে সিনেমা হলে বইতে শুরু করে সুবাতাস। এখনো সিনেমা দুটি বিভিন্ন হলে চলছে। সাড়া জাগাচ্ছে বিদেশের বাজারেও।

আগস্ট মাসে মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা (আশীর্বাদ)। আগস্ট শোকের মাস। তাই এ মাসে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন অনেকেই। তবে সেপ্টেম্বর মাসের তালিকায় এসেছে জোয়ার। জানা গেছে, এ মাসের পাঁচ শুক্রবারে মুক্তির জন্য ৯টি সিনেমার আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে। এসব সিনেমায় জয়া আহসান, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনের মতো জনপ্রিয় তারকারা যেমন আছেন, তেমনি আছেন হুমায়রা সুবাহ, নিশাত নাওয়ার সালওয়ার মতো নতুন অভিনয়শিল্পীরাও।

প্রযোজক-পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে রকিবুল আলম রকিবের ভাইয়ারে, ৯ সেপ্টেম্বর থাকবে আবুল কালাম আজাদের ও মাই লাভ ও শামীম আহমেদ রনীর লাইভ, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা ও সাইদুল ইসলাম রানার বীরত্ব, ২৩ সেপ্টেম্বর মাহমুদ দিদারের বিউটি সার্কাস ও দীপংকর দীপনের অপারেশন সুন্দরবন এবং ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে রফিক শিকদারের বসন্ত বিকেল ও ডায়েল রহমানের ঈশা খাঁ। এ ছাড়া এ মাসে সৈকত নাসিরের বর্ডার, নিয়ামুল মুক্তার রক্তজবা ও আশুতোষ সুজনের দেশান্তর মুক্তির কথা শোনা গেলেও সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন এসব সিনেমার প্রযোজক।

প্রযোজক-পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে মুক্তি পেয়েছে ২৫টি সিনেমা। এর মধ্যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, গলুই, বিদ্রোহী, শান, দিন: দ্য ডে মোটামুটি ব্যবসা করেছে। আশানুরূপ ব্যবসা করেছে পরাণহাওয়া। এ ছাড়া বাকি সিনেমাগুলো দর্শকের মাঝে তেমন আলোচনা তৈরি করতে পারেনি। সিনেমা হলেও দর্শকের ভিড় চোখে পড়েনি। তবে প্রশংসা পেয়েছে মুখোশ, শিমু, গুণিনপাপপুণ্য। বছর শেষ হতে বাকি আরও ৪ মাস। এ সময়কে সিনেমার ভরা মৌসুম বলে মনে করছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী দর্শক।

সিনেমার হলের মালিকেরা চাইছেন, সিনেমাগুলো দ্রুত দর্শকের মাঝে আসুক। স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, দর্শকের সিনেমা হলে আসার অভ্যাসটা ইতোমধ্যে তৈরি হয়েছে। মানসম্মত সিনেমা দিতে পারলে এ অভ্যাস বজায় থাকবে। ভবিষ্যতে বেশ কিছু ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী এসব সিনেমা ভালো চলবে।

সেপ্টেম্বরে যত সিনেমা: ২ সেপ্টেম্বর (ভাইয়ারে),  ৯ সেপ্টেম্বর (ও মাই লাভ, লাইভ),  ১৬ সেপ্টেম্বর (স্বপ্নে দেখা রাজকন্যা, বীরত্ব), ২৩ সেপ্টেম্বর (বিউটি সার্কাস, অপারেশন সুন্দরবন), ৩০ সেপ্টেম্বর (বসন্ত বিকেল, ঈশা খাঁ)।

নিউজ ট্যাগ: জয়া আহসান

আরও খবর