Logo
শিরোনাম

সেন্সর ছাড়পত্র স্থগিত করা হলো টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমার

প্রকাশিত:শনিবার ২০ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই এর সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে সেন্সর বোর্ড।  ছবিটি স্বাধীনতা দিবস  উপলক্ষে ২৬ মার্চ  মুক্তি পাবে বলে প্রচারণা চালানো হচ্ছিলো।

এর আগে গত ১৪ মার্চ ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কাছে সেন্সর ছাড়পত্র পৌছে। ছাড়পত্র পাওয়ার কয়েকদিনের মাথায় ছাড়পত্র স্থগিতাদেশ দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

ছাড়পত্র স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন। তবে ঠিক কি কারণে ছাড়পত্র স্থগিত করেছে সে বিষয়ে তেমন কিছুই জানায়নি সেন্সরবোর্ড।

ছাড়পত্র স্থগিতের কারণ জানতে চাইলে  ছবিটির প্রযোজক সেলিম খানও পরিস্কার করে জানাতে পারেননি।  শুধু জানান, বিষয়টি সেন্সরবোর্ড জানে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

তবে জানা গেছে, ঐতিহাসিক ঘটনাগুলোতে কিছু অসঙ্গতি থাকায় ফের বিবেচনা করে এ স্থগিতাদেশ দিয়েছে সেন্সরবোর্ড। ফলে ছবিটি আদৌ সেন্সর পাবে কিনা কিংবা পেলেও কবে পাবে-তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছে ছবিটি।

এদিকে গত ১২ মার্চ দেশজুড়ে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে শাপলা মিডিয়ার ফেইসবুক পেইজে ও ছবির পোস্টার প্রকাশ করে প্রচারণা চালানো শুরু করে ছবিটির প্রযোজনা সংস্থা।  সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছিলো সেই প্রচারণা। পরে ছাড়পত্র পেলে ২৬ মার্চ মুক্তি তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ছবিটি।

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনিই তুলে আনা হয়েছে  চলচ্চিত্রেটিতে।


আরও খবর