Logo
শিরোনাম

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কার্গো জাহাজের মাস্টারসহ ৮ জন ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত:মঙ্গলবার ২২ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় জাহাজের মাস্টার, ইঞ্জিনিয়ার ও গ্রিজারসহ ৮ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ মার্চ) তাদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাউসার আলমের আদালতে তোলা হলে তিনি এই আট জনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখসহ অপর আসামিরা হলেন- নুরুল আলম, কর্তব্যরত প্রকৌশলী আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম এবং গ্রিজার রিয়াদ হোসেন।

রোববার দুপুরে এম এল আফসারউদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে কয়লারঘাট এলাকায় কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়। পরে মুন্সিগঞ্জ থেকে কার্গো জাহাজের মাস্টারসহ ৯ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দিয়ে আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, রোববার (২০ মার্চ) দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী আফসার উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। অপর দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু। সেই সঙ্গে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে বন্দর থানা ও নৌ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।


আরও খবর