
বিএনপি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিলেও দলটির ‘ঘনিষ্ঠ’ অনেকের নাম সেখানে এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হত তাহলে তাদের উচিত ছিল নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে সেখানে সম্পৃক্ত হয়ে অংশগ্রহণ করা।”
“যদিও বিএনপি বলছে, তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না, তবে সেখানে এমন অনেক বিশিষ্টজন রয়েছেন যারা এই দলটির সঙ্গে উপদেষ্টা হিসেবে অথবা নানাভাবে জড়িত। মন্ত্রী বলেন, “বিএনপি সব সময় এক ধরনের লুকোচুরি খেলার চেষ্টা করে অথবা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। যা জাতি এখন বুঝে এবং জানে।”
ব্যাপক আলোচনার
মধ্যে ইসিতে নিয়োগের আইন হওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের
সার্চ কমিটি গঠন করে দেন। সবশেষে সোমবার রাতে সার্চ কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক
দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ৩২২ নাম পাওয়া গেছে।
সার্চ কমিটি
পরবর্তী সিইসি এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির
কাছে প্রস্তাব করার কথা।

