Logo
শিরোনাম

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা, সিদ্ধান্ত আজ

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারি করোনাভাইরাসের কারণে টানা ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা, তা আজ বুধবার (২৬ মে) জানা যাবে। পাশাপাশি এসএসসি, এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানাবেন।

মূলত, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার বাড়বে কিনা, বাড়লে কত দিন বাড়বে, নাকি একটি সময় ঘোষণা করে সীমিত পরিসরে খোলার ঘোষণা হতে পারে এসব বিষয় জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজের ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে। করোনা-সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে পরামর্শ করে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সরকার চেয়েছিল করোনার সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমে এলে স্কুল-কলেজ খুলে দিতে। এ অবস্থা এখনও আসেনি। অন্যদিকে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বাধাগ্রস্ত হবে।

চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রথমত, সরকারি ঘোষণা অনুযায়ী ৩০ মে পর্যন্ত মানুষের চলাচল ও কার্যক্রমে বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। সুতরাং আপাতদৃষ্টে বোঝাই যাচ্ছে ২৯ মের পরদিনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।



আরও খবর