
বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হয় নোবেল শান্তি পুরস্কারকে। চলতি বছরের সবচেয়ে প্রত্যাশিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজ শুক্রবার। সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী ও মানবহিতৈষী আলফ্রেড নোবেল যে ছয়টি পুরস্কারের প্রবর্তন করেছিলেন, নোবেল শান্তি পুরস্কার তারই একটি।
এবার ২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক এ পুরস্কার যৌথভাবে পেলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
আজ শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। মাঝে বিশ্বযুদ্ধের বছরগুলোতে পুরস্কার দেওয়া বন্ধ ছিল। ২০২০ সাল পর্যন্ত মোট ১০১ বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এ পুরস্কার জিতে নিয়েছেন ১৩৫ বিজয়ী, যাদের মধ্যে রয়েছেন ১০৭ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠান।

