Logo
শিরোনাম

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামি মালেকের জামিন আপিলে স্থগিত

প্রকাশিত:সোমবার ০১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ-গুলি বিনিময়ের সময় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় আব্দুল মালেককে হাইকোর্ট বিভাগের দেয়া জামিন স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। 

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকেরা। ওই সময় কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ-গুলি বিনিময়ের সময় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

ঘটনার একদিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুরহান উদ্দিন মুজাক্কির।

এ ঘটনায় নিহত সাংবাদিক মুজাক্কিরের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভ্যাস্টিগেশন (পিবিআই)।

নিউজ ট্যাগ: মুজাক্কির হত্যা

আরও খবর