
ঈদে মুক্তি
পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। এবার পহেলা বৈশাখ উপলক্ষে সিনেমাটির ‘চলো পাখি হই’ গানটি প্রকাশ হতে যাচ্ছে। প্রসেনের
কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটি গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয়
কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল।
‘শান’ ছবির পরিচালক এম রাহিম জানালেন, গানটি আজ সকাল ১০টায় ইউটিউবে আসবে।
কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেওয়া
হচ্ছে।
ছবিটির মাধ্যমে
একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশ অ্যাকশন থ্রিলার গল্প
হওয়ায় ‘শান’ ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। সিনেমাটির
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
ফিল্মম্যান
প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। ছবিটিতে সিয়াম-পূজা
চেরি ছাড়াও অভিনয় করেছেন- মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান
ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

