
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবন ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শনিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে চট্টগ্রামের গুডস হিলের বাসভবন ঘেরাও করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটি।
এসময় তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ এবং সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান। বিক্ষোভ থেকে দাবি করা হয়, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। যুদ্ধাপরাধী সাকাকে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী শহীদ বলায় লাল-সবুজের পতাকার অবমাননা হয়েছে। এর আগে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

