
উত্তর বঙ্গোপসাগর
ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের
প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায়
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ,
লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি
অবস্থায় রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার
সকাল ৯টার মধ্যে খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলিসহ
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও
কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

