Logo
শিরোনাম

সাগরে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত:শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে উপকূলীয় এলাকায়। একই সঙ্গে সারাদেশে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে আজ শনিবার, ২৫ সেপ্টেম্বর, এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ বিষয়ে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। সেক্ষেত্রে এর বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান, এই নিম্নচাপের কারণে বাংলাদেশের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অবশ্য সারাদেশে মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে মাঝে মধ্যে সামান্য বৃষ্টিও হতে পারে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার পূর্বাবাসে আবহাওয়া অফিস জানিয়েছে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।


আরও খবর