
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে ক্যাম্পাসে আগের মতো পরিবেশ নেই। চারদিকে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। ক্যাম্পাসের টংগুলোর বেহাল দশা। রাস্তায় কাদামাটি, গাছের ডালপালা ও পলিথিন জাতীয় বিভিন্ন জিনিসে নোংরা পরিবেশ তৈরি হয়েছে। আবাসিক হলে শিক্ষার্থী না থাকায় বিশ্ববিদ্যালয়ে ‘ভুতুড়ে’ পরিবেশ তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের যে সড়কগুলোতে পানি উঠেছে সেগুলোর ওপর কাদামাটিসহ বিভিন্ন ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। চাষাভূষার টং, ফুডকোর্ট, লাল টংগুলোর দশা একেবারে খারাপ। বেঞ্চগুলো বন্যার পানিতে নোংরা হয়ে আছে। এছাড়া ক্যাম্পাসে ময়লা ফেলানোর ডাস্টবিন উল্টো হয়ে পড়ে আছে।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বলেন, ক্যাম্পাসের দিকে তাকালেই খুব খারাপ লাগে। চারদিকে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল বলেন, বন্যার পানি কমতে শুরু করেছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। যত দ্রুত সম্ভব ক্যাম্পাস পরিষ্কার করা হবে।

