
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমর্থনে ঢাকা থেকে সিলেট লংমার্চ স্থগিত করে সমাবেশ করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিবেকবান নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন রাখাল রাহা। তিনি জানান, শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য লংমার্চ ও যাত্রাপথে পাঁচ জায়গায় সমাবেশ করার কথা ছিল। ইতোমধ্য শিক্ষার্থীরা অনশন ভাঙায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রচিন্তার সমন্বয়ক দিদারুল আলম ভূঁইয়া বলেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ড. মুহম্মদ জাফর ইকবালের কমিটমেন্টে শিক্ষার্থীরা অনশন ভাঙতে সম্মত হওয়ায় আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। যদি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয় তাহলে আমরা অভিভাবকরা আবার মাঠে নামব।
প্রসঙ্গত, শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। আজ সকাল ১০টা ২০ মিনিটে তিনি শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এ আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

