Logo
শিরোনাম

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর

প্রকাশিত:বুধবার ০৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় এক মাস আগে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় (সেজান জুস) অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ২৪ জনের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে।

বুধবার (০৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে উপস্থিত স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বলেন, হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ৩টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ তিনটির পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

শনাক্ত ৪৫টি মরদেহের মধ্যে ২৪ জনের লাশ আজ পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে সিআইডি অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, বাকি মরদেহ শনিবার হস্তান্তর করা হবে।

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮ টি ইউনিট টানা প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।


আরও খবর