
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালতে আদেশের শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় পরীমনিকে কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার আব্দুল জলিল জানান, সন্ধ্যা ৭টার দিকে নায়িকা পরীমনিকে প্রিজন ভ্যানে করে কারাগারে আনা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে এ কারাগারে বন্দি রাখা হবে।
শুক্রবার বিকেলে পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। পরে বিকেল সোয়া ৪টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার উদ্দেশে রওনা দেয় প্রিজন ভ্যান।
গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় ৪ দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে পাঠান আদালত।

