
রাজধানীর বেইলি রোডে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সেই প্রাইভেটকার চালক তাসকিনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগ রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করে ডিএমপির তেজগাঁও বিভাগ। জব্দ করা হয় প্রাইভেটকারটিও।
রোববার ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক বলেন, তাসকিনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারে থাকে। তাসকিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র।
শুক্রবার বেইলি রোডে বেপরোয়া গতিতে চলা তাসকিনের প্রাইভেটকারের ধাক্কায় একটি রিকশা গুঁড়িয়ে যায়। এতে রিকশাচালক, আরোহী বাবা ও তার কোলের শিশু আহত হয়। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, তাসকিনের চালানো প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে রিকশাটিকে ধাক্কা দেওয়ার সঙ্গে সেটি গুঁড়িয়ে যায়। এ ঘটনায় রিকশায় থাকা যাত্রী ফখরুল হাসানের শিশু সন্তান তার হাত থেকে রাস্তা পড়ে যায়। এ ঘটনায় ওই শিশুর পা ভেঙে যায়। এছাড়া হাত ভাঙে ফখরুলের এবং আহত হন রিকশাচালক। তবে ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে থাকলেও প্রাইভেটকারটি আটকানো যায়নি।
গত দুইদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের প্রাইভেটকার বেপরোয়া গতিতে পেছন থেকে একটি চলন্ত রিকশাকে আঘাত করে। ফলে রিকশা চালক, আরোহী ও আরোহীর কোলে থাকা বাচ্চা ছিটকে পড়ে আহত হয়।

