
ধর্ষণ মামলায়
আগেই ফেঁসেছেন। হাজতবাসও করেছেন রবিনহো। এবার ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকারের বিরুদ্ধে
আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইতালি।
রবিনহোর বিরুদ্ধে
মঙ্গলবার বৈশ্বিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইতালিয়ান প্রসিকিউটররা। সঙ্গে দলবদ্ধ
ধর্ষণের সাজা কার্যকর করতে ইতালির বিচার মন্ত্রণালয়ে তারকা এই ফুটবলারের প্রত্যর্পণ
চেয়েছেন তারা।
২০১৩ সালের জানুয়ারিতে
এক তরুণীকে ধর্ষণের দায়ে গত মাসে রবিনহোর ৯ বছরের জেল শাস্তি বহাল রাখে ইতালির শীর্ষ
কোর্ট।
প্রসিকিউটররা
বা মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ভুক্তভোগী নারীর আইনজীবী জাকোপো
গনোচ্চি ব্রাজিল বা ইতালিতে রবিনহোর শাস্তি কার্যকর দেখতে চান।
ব্রাজিলিয়ান
সংবিধানে অবশ্য তাদের দেশের নাগরিকদের প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আন্তর্জাতিক
গ্রেপ্তারি পরোয়ানা জারির মানে দেশের বাইরে অন্য কোথাও গেলে গ্রেপ্তার হতে পারেন রবিনহো।
মিলানের নাইট ক্লাবে নিজের ২৩তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন এক আলবেনিয়ান নারী। সেখানে রবিনহোসহ ছয়জনে মিলে তাকে ধর্ষণ করেন। তখন রবিনহো খেলতেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মিলানের হয়ে খেলেন রবিনহো।

