
অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন। রাতে ঠিকমতো
ঘুম হয় না। তাঁদের খাদ্যাভ্যাস পরিবর্তন জরুরি। অনেকে রাতে ঘুমানোর আগে এমন কিছু খাবার
খান, যা তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটায়।
ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট
বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে এমন কিছু খাবারের কথা বর্ণনা করা হয়েছে, যা রাতে ঘুমের
ব্যাঘাত ঘটায়। আসুন, আজ আমরা পাঁচ খাবার সম্পর্কে জেনে নেব—
কফি: রাতে ঘুমানোর কয়েক ঘণ্টা আগে থেকে কফি পান করা এড়িয়ে চলুন। কফিতে থাকা ক্যাফেইন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করতে সক্ষম, যার প্রভাব ৮ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই রাতে কফি পান করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
ডার্ক চকলেট: রাতে ঘুমানোর আগে ডার্ক চকলেট খেলে ঘুমের সমস্যা হতে পারে। ডার্ক চকলেটে ক্যাফেইন ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই দুটি উপাদান ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই রাতে ডার্ক চকলেট এড়িয়ে চলুন।
মিষ্টিজাতীয় খাবার খাবেন না: মিষ্টি বা চিনিজাতীয় খাদ্য ঘুম না আসার অন্যতম কারণ হতে পারে। চিনি এনার্জি লেভেল বাড়ায়, তাই ঘুমানোর আগে চিনি বা মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।
অ্যালকোহল: অ্যালকোহল ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমানোর আগে মদ্যপান করলে সারা রাত জেগে থাকার সম্ভাবনা বেশি থাকে। নাক ডাকার সমস্যা তো আছেই।
আইসক্রিম: রাতে ঘুমানোর আগে আইসক্রিম নিদ্রাহীনতা ও বদহজমের কারণ হতে পারে। আইসক্রিমে থাকা চিনি ঘুম নষ্ট করে। এতে প্রচুর ফ্যাট থাকে, যা হজমপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

