
আগেই জারি করা গণবিজ্ঞপ্তি অনুসারে রাত ৮টার পরে দোকানপাট বন্ধে রাজধানীর শান্তিনগরে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মুনিরুজ্জামান শান্তিনগরের কর্ণফুলী মার্কেট রাত ৮টার পরে পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানের খবর শুনে তড়িঘড়ি করে দোকানের শাটার বন্ধ করে দোকানিরা দোকানের ভেতরেই অবস্থান করে। পরবর্তী সময়ে তারা সিটি করপোরেশনের নির্ধারিত সময়ে দোকান বন্ধ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রট মুনিরুজ্জামান জানান, দোকানিরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত জুলাই সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করে।

