
রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত ৮জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬জন। রাশিয়ার অনুসন্ধানী কমিটির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সকালে পার্ম শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গুলির সময় শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষের দরজা আটকে দেন এবং ভেতরে অবস্থান করেন। তবে কেউ কেউ জানালা দিয়ে লাফ দিয়ে নিচেও পড়েন। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছে তা নিশ্চিত হ্ওয়া যায়নি। তবে গণমাধ্যমকর্মীরা বলছেন আহতের সংখ্যটা ৬ থেকে ১৪ জন হতে পারে।
রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এরইমধ্যে অভিযুক্ত বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে বন্দুকধারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য কী তা জানা যায়নি।
পার্ম শহরটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১ হাজার ১ কিলোমিটার পূর্বে অবস্থিত। এরআগে গত মে মাসে দেশটির কাজান শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হন দুই শিক্ষক ও সাত শিক্ষার্থী।

