
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের
করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার
সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল।
৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন রোগীর করোনা নেগেটিভ ছিল। তিনি শ্বাসকষ্টে
মারা গেছেন বলে জানা গেছে।
মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের
দুজন, নাটোরের দুজন, নওগাঁর তিনজন এবং পাবনা
ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।
হাসপাতালটিতে এ মাসের আট দিনে ১৩৯ জনের
মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৮৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

