
রাজশাহীতে হত্যা মামলায় এক নারীসহ চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের বাদল মন্ডল (৪৬), রাজশাহীর তানোর উপজেলার এনায়েতপুর চোরখৈর গ্রামের বিমল সিং (৫০), বিমলের স্ত্রী অঞ্জলী রানী (৪৫) এবং তাদের ছেলে সুবোধ সিং (২৮)।
এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্মল সিংয়ের ছেলে প্রকাশ সিংকে (২০) হত্যার দায়ে তাদের এ দণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে, রাজশাহী শহরের একটি মিষ্টির দোকানের পরিবেশন কর্মী ছিলেন প্রকাশ । ২০২১ সালের ২৯ এপ্রিল সকালে তানোরের বংশীধরপুর ব্রিজের কাছে প্রকাশের গলাকাটা লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানেও জখম ছিল।
এ ঘটনায় নিহতের বাবা তানোর থানায় একটি মামলা করেন। এই মামলার এজাহারে বলা হয়েছিল অঞ্জলী রানীর সঙ্গে বাদল মণ্ডলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এটি জেনে যাওয়ায় বাদল প্রকাশকে হুমকি দিয়েছিলেন। তাই পূর্বপরিকল্পনা করে প্রকাশকে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সে সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে আসামিরা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, আসামিদের স্বীকারোক্তি এবং ২০ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

