Logo
শিরোনাম

রাজশাহীতে বিমানযাত্রীর ব্যাগে মিলল ১৭ রাউন্ড গুলি

প্রকাশিত:রবিবার ০৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইট যোগে ঢাকায় যাওয়ার সময় আভ্যন্তরীণ রুটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যাক্তির নাম বারি শাহ চৌধুরী (৪৫)। তিনি নওগাঁ জেলার ধামরহাট এলাকার মৃত আব্দুল কুদ্দুস শাহ চৌধুরীর ছেলে। শাহ মখদুম বিমানবন্দরের দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর উৎপল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধামরহাট এলাকার এক যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশে রাজশাহী বিমানবন্দরে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিমানবন্দর এপিপিএন চেকপোস্টে তার দেহ তল্লাশি করে ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

এসআই উৎপল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী উদ্ধারকৃত গুলি তার পিতা প্রয়াত কুদ্দুস শাহ এর লাইসেন্সকৃত পিস্তলের বলে দাবি করেন। তবে তিনি বিমানযাত্রার সময় গুলি বহনের তথ্য গোপন করেছেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে থানায় হস্তান্তর করেছে। তার অস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। তিনি ফিলিং স্টেশনের ব্যবসা করেন। সাপাহার থানায় খোঁজ নেওয়া হয়েছে। তার নামে আগের কোনো মামলা নেই। বৈধ কাগজ থাকলে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।


আরও খবর